বিনিয়োগ ও সংস্কারে বাংলাদেশের জন্য এডিবির নতুন বার্তা
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং বাংলাদেশে তার পাঁচ দিনের সরকারি সফর শেষ করেছেন। সফরের মাধ্যমে সংস্থাটি আগামী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস), নীতিগত সংস্কার, অগ্রাধিকারভিত্তিক বিনিয়োগ এবং সমন্বিত বৃদ্ধি নেটওয়ার্ক উন্নয়ন (আইজিএনডি) উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে।
বৃহস্পতিবার সফর শেষে এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সফরকালে ইংমিং ইয়াং বলেন, বাংলাদেশ তার উন্নয়নযাত্রার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ সময়ে দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, বেসরকারি বিনিয়োগে গতি আনা এবং অর্থনীতির প্রতিরোধক্ষমতা শক্তিশালী করার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, আলোচনার মধ্য দিয়ে এডিবি ও বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারত্বের দৃঢ়তা আবারও স্পষ্ট হয়েছে। একই সঙ্গে কৌশলগত অঙ্গীকারগুলোকে পর্যায়ক্রমে কার্যকর সংস্কার, লাভজনক বিনিয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে বাস্তব ফলাফলে রূপ দেওয়ার গুরুত্ব উঠে এসেছে।
সরকার পরিচালিত আইজিএনডি উদ্যোগের মাধ্যমে সংস্কার, বিনিয়োগ ও প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত করে বিভিন্ন অঞ্চলে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি, যোগাযোগব্যবস্থা ও উৎপাদনশীলতা বাড়ানো এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে সহায়তা করার পরিকল্পনা রয়েছে।
গত মে মাসে এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার বাংলাদেশ সফরের ধারাবাহিকতায় ইংমিং ইয়াংয়ের এবারের সফর অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে আগের সফরে হওয়া অগ্রগতিকে আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার ও এডিবি যৌথভাবে আইজিএনডি উদ্যোগের আওতায় বছরে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিত করেছে। এ বিষয়ে বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা শুরু হয়েছে।
সফরকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এডিবির ভাইস প্রেসিডেন্ট। এছাড়া চট্টগ্রামে আয়োজিত আইজিএনডি-সংক্রান্ত জাতীয় সেমিনারে তিনি মূল বক্তব্য দেন।
পাঁচ দিনের সফরে ইংমিং ইয়াং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে পৃথক বৈঠক করেন।
বৈঠকগুলোতে চট্টগ্রামকে দেশের প্রধান সামুদ্রিক ও অর্থনৈতিক প্রবেশদ্বার হিসেবে আরও শক্তিশালী করা, ডিজিটাল রূপান্তর এবং জলবায়ুসহনশীল বিনিয়োগের মতো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
চট্টগ্রাম সফরের সময় তিনি এডিবির সহায়তায় পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।
সফরজুড়ে ইংমিং ইয়াংয়ের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংসফেন ঝাং।
বিনিয়োগ ও সংস্কারে বাংলাদেশের জন্য এডিবির নতুন বার্তা

