জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে অবস্থিত সমাধিতে তিনি শ্রদ্ধা জানান।
এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের সময় সমাধিস্থলের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, ডিবি ও এসএসএফ সদস্যরা সেখানে দায়িত্ব পালন করেন।
নিরাপত্তাবেষ্টনীর বাইরে থাকা দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা হাত নেড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান। তিনি পৃথকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর-উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপি মহাসচিব হিসেবে জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বহুবার শ্রদ্ধা জানিয়েছেন মির্জা ফখরুল।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথ নেওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
-স্বাধীন/ এমএ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

