মন্ত্রিসভায় অনুমোদন পেল নবম পে-স্কেল, বেতন বাড়ল যত

প্রকাশঃ Aug 31, 2026 - 18:31
মন্ত্রিসভায় অনুমোদন পেল নবম পে-স্কেল, বেতন বাড়ল যত

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এই বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে নতুন মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘বেতন ও চাকরি কমিশন, ২০২৬’ এবং এ-সংক্রান্ত সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন বেতন কাঠামো ও বিভিন্ন ভাতা নির্ধারণের প্রস্তাব উপস্থাপন করা হয়। পরে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কাঠামো অনুযায়ী, নতুন বেতন স্কেলে সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গ্রেড-১-এর মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডের মূল বেতন হবে ২০ হাজার টাকা।

নতুন পে-স্কেলে প্রথমবারের মতো ‘প্রতিবন্ধী সন্তান’ ভাতা চালুর বিষয়টিও রাখা হয়েছে। এ ভাতার আওতায় মাসে ৩ হাজার টাকা দেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া দ্রুত শুরু হবে। প্রজ্ঞাপন প্রকাশে প্রায় এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

এর আগে সোমবার সকালে নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থান, সরকারের ওপর সম্ভাব্য আর্থিক চাপসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বশেষ জাতীয় বেতন কাঠামো ২০১৫ সালে কার্যকর হয়। এরপর প্রতিবছর মূল বেতন ৫ শতাংশ হারে বাড়ানো হলেও নতুন কোনো জাতীয় পে-স্কেল ঘোষণা করা হয়নি। ফলে প্রায় ১১ বছর ধরে ২০১৫ সালের বেতন কাঠামোর ভিত্তিতেই সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারিত হয়ে আসছে।

নতুন পে-স্কেলের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী। পাশাপাশি প্রায় ৯ লাখ পেনশনভোগীও নতুন কাঠামোর আওতায় সুবিধা পাওয়ার প্রত্যাশা করছেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন বেতন কাঠামো কার্যকরের অপেক্ষায় রয়েছেন।

মন্ত্রিসভার অনুমোদনের পর এখন নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। প্রয়োজনীয় আইনি যাচাই ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে যাবে।

-স্বাধীন/এমএ

মন্ত্রিসভায় অনুমোদন পেল নবম পে-স্কেল, বেতন বাড়ল যত
লোগো
Aug 31, 2026

মন্ত্রিসভায় অনুমোদন পেল নবম পে-স্কেল, বেতন বাড়ল যত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta