ঢাকার চারদিকে ৮ লেনের সড়ক নির্মাণ করবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঢাকার চারদিকে আট লেনের সড়ক নির্মাণ এবং রাজধানীর সব নদী সংস্কার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ঢাকা জেলা প্রশাসন ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে কামরাঙ্গীচরে দিরাই খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, বাংলাদেশে যারা কাজ করেন, তাদের নিয়ে আলোচনা কম হলেও সমালোচনা বেশি হয়। যারা নিজেরা কাজ করেন না এবং অন্যের ভালো কাজ সহজভাবে নিতে পারেন না, তারাই বেশি সমালোচনা করেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সবকিছুর মধ্যেই দলবাজি কিংবা রাজনৈতিক বিষয় টেনে আনার প্রবণতা দেখা যায়। তবে ‘ক্লিন বাংলাদেশ’ ও ‘গ্রিন বাংলাদেশ’ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, রাজধানীর চারপাশের নদী ও খালগুলো পরিকল্পিতভাবে সংস্কার এবং দখলমুক্ত করা গেলে নৌপথের পাশাপাশি সড়ক যোগাযোগেও মানুষের সুবিধা বাড়বে। ঢাকার চারদিকে আট লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।
তিনি বলেন, নগরীর পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে নদী-খাল রক্ষার বিকল্প নেই। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
দিরাই খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, শুধু সরকারি উদ্যোগে খাল, নদী ও জলাশয় রক্ষা করা সম্ভব নয়। এ কাজে নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে জনসম্পৃক্ততা আরও বাড়ানো প্রয়োজন।
-স্বাধীন/ এমএ
ঢাকার চারদিকে ৮ লেনের সড়ক নির্মাণ করবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

