এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী

প্রকাশঃ Aug 22, 2026 - 12:56
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী

বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রিসভায় প্রথমবারের মতো রদবদল হয়েছে। নতুন দপ্তর বণ্টনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। তবে আগের দায়িত্বে বহাল রয়েছেন শামা ওবায়েদ ইসলাম। ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে এখন একই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন দুই প্রতিমন্ত্রী।

গতকাল শুক্রবার বঙ্গভবনে নতুন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথবাক্য পাঠ করান। পরে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শুক্রবার রাতেই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে।

হুমায়ুন কবির এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সংশ্লিষ্ট উপদেষ্টার দায়িত্বেও ছিলেন। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে যুক্ত তিনি।

সংশ্লিষ্টদের ধারণা, পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক ইস্যুতে তার দীর্ঘ অভিজ্ঞতার কারণেই এবার তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন চার পূর্ণমন্ত্রী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এছাড়া গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়। শুরুতে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল পদত্যাগ করে যথাক্রমে স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব নেন। এরপর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানও পদত্যাগ করেন।

সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও শূন্য হয়।

এসব শূন্যতা পূরণ ও দায়িত্ব পুনর্বণ্টনের অংশ হিসেবে এবার মন্ত্রিসভায় প্রথম বড় ধরনের রদবদল করা হয়েছে। নতুন ছয় সদস্যের দায়িত্ব বণ্টনের পাশাপাশি আফরোজা খানমের দপ্তর পরিবর্তন এবং জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার মধ্য দিয়ে এ পরিবর্তন আনা হয়েছে।

-স্বাধীন/ এমএ

এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী
লোগো
Aug 22, 2026

এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta