তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করা: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়ে নিয়মকানুন যথাযথভাবে রেগুলেট করার ওপর গুরুত্বারোপ করেছেন নতুন তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব হবে প্রয়োজনীয় নিয়মকানুন রেগুলেট করা। তবে কোনোভাবেই যেন তা নিয়ন্ত্রণের পর্যায়ে না যায়, সেদিকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহতায়ালা তাকে বড় একটি সুযোগ দিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
পার্থ বলেন, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার দায়িত্ব অনেক বড়। পাশাপাশি জনগণের সঙ্গে সম্পর্ক ও জাতীয় ঐক্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতীয় গৌরবের বিষয়গুলো অক্ষুণ্ন রাখার দায়িত্বও মন্ত্রণালয়ের রয়েছে।
সরকারের দায়িত্ব গ্রহণের সময়কে বাংলাদেশের ইতিহাসের অন্যতম কঠিন সময় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। ভুলত্রুটি সবারই হতে পারে, তবে নৈতিকতার জায়গায় সরকার শক্ত অবস্থানে রয়েছে। দেশকে সেবা করা এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই সরকারের মূল লক্ষ্য।
সংবাদমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছরে নানা নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতার মধ্যেও সংবাদমাধ্যমের মাধ্যমে সরকারের ব্যর্থতা, অনিয়ম ও নির্যাতনের বিভিন্ন তথ্য জনগণের সামনে এসেছে। জুলাই আন্দোলনেও সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে নৈতিক অবক্ষয় ও কাঠামোগত সমস্যা তৈরি হয়েছে মন্তব্য করে পার্থ বলেন, বিচার বিভাগ, রাজনীতি, স্ট্যাচুটরি বডি ও সংসদসহ বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে, তা মেরামতে সময় লাগবে। তবে কোন পথে যাওয়া যাবে না, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, ক্ষতিগুলো মেরামতের পাশাপাশি নতুন ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দিতে হবে। সামাজিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি কোনো সিদ্ধান্তের মাধ্যমে যাতে অন্যায় না হয়, সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আল্লাহর ওপর বিশ্বাসের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ভালো কিছু করার নিয়ত থাকলে আল্লাহর রহমত থাকে। নিয়ত ভালো থাকলে আল্লাহ তায়ালা মানুষের প্রতি বিশেষ অনুগ্রহ করেন।
কর্মকর্তাদের অভিজ্ঞতার প্রশংসা করে তিনি বলেন, এটি একটি টিমওয়ার্ক। রাজনীতিতে তার অভিজ্ঞতা থাকলেও প্রশাসনিক ও আমলাতান্ত্রিক বিষয়ে কর্মকর্তাদের অভিজ্ঞতা বেশি। সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া এবং জনগণের স্বার্থ রক্ষা করা তাদের অন্যতম দায়িত্ব।
পার্থ বলেন, জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে। তারা সরকারকে ভোট দিয়েছেন। তাই সরকারের কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে।
তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করা: তথ্যমন্ত্রী

