অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হতে দেবে না সরকার: সমাজকল্যাণমন্ত্রী
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, অর্থের অভাবে দেশের কোনো নাগরিকের চিকিৎসাসেবা বন্ধ হতে দেওয়া হবে না। সরকার প্রত্যেক নাগরিকের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করবে।
বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন এবং মন্ত্রিত্বের দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। তাই তিনি জনগণের কথা শুনতে এবং তাদের সমস্যার সমাধানে কাজ করতে তাদের কাছে এসেছেন।
তিনি বলেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ ও পরিশ্রম করে আসছেন। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি পাড়া-মহল্লা ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের দলের সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, বিএনপি কোনো নির্দিষ্ট শ্রেণি-পেশার মানুষের দল নয়। দল-মত নির্বিশেষে দেশের সব শ্রেণি ও পেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই বিএনপির লক্ষ্য। তিনি নেতাকর্মীদের সহনশীল আচরণের মাধ্যমে দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার আহ্বান জানান।
শিক্ষার বিষয়ে তিনি বলেন, গ্রাম-গঞ্জের যেসব দরিদ্র পরিবারের শিশু অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না কিংবা স্কুলে যাচ্ছে না, তাদের চিহ্নিত করে সহযোগিতার উদ্যোগ নিতে হবে। সরকার এসব শিশুর পড়াশোনা চালিয়ে নিতে আর্থিক সহায়তা দেবে এবং তাদের ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, অসুস্থ ও অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্যও সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসাবঞ্চিত না হন, সে বিষয়ে সরকার কাজ করবে।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফিরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার এবং হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-স্বাধীন/ এমএ
অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হতে দেবে না সরকার: সমাজকল্যাণমন্ত্রী

