সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপ: সিইসি

প্রকাশঃ Aug 27, 2026 - 18:36
সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপ: সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রয়োজন হলে তা অক্টোবর পর্যন্ত পিছিয়ে যেতে পারে। চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে কমিশনের।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।

সিইসি জানান, আসন্ন বিভিন্ন পাবলিক পরীক্ষা, দুর্গাপূজাসহ সামাজিক ও ধর্মীয় নানা আয়োজন বিবেচনায় নিয়েই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে হচ্ছে। তবে চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার বিষয়ে কমিশনের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, নভেম্বরে যেন বার্ষিক পরীক্ষা না নেওয়া হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হচ্ছে। পরীক্ষা নভেম্বরের মধ্যে শেষ করা সম্ভব হলে, অথবা সময়সূচিতে কিছুটা সমন্বয় করা গেলে ডিসেম্বর থেকেই ভোট আয়োজন করা সম্ভব হবে।

নির্বাচনের তারিখ চূড়ান্ত করার চ্যালেঞ্জের কথা তুলে ধরে সিইসি বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন থাকলেও দেশে নির্বাচনের সময় নির্ধারণের পুরো বিষয়টি শুধু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে না। আগামী বছরের শুরুতেই এসএসসি পরীক্ষা রয়েছে। তাই পারিপার্শ্বিক সব বিষয় বিবেচনা করেই নির্বাচনের উপযুক্ত সময় নির্ধারণ করতে হবে।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি জানান, প্রায় ৪০ মিনিটের বৈঠকে নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও সর্বজনগ্রহণযোগ্য করতে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চেয়েছে কমিশন। রাষ্ট্রপতিও কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

রাষ্ট্রপতির মনোভাব তুলে ধরে সিইসি বলেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।

বৈঠকে রাষ্ট্রপতিকে জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনেও কমিশন পুরোপুরি প্রস্তুত। এই দুই নির্বাচন সামনে রেখে শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে ইসি। নির্বাচনের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক প্রকিউরমেন্ট বা কেনাকাটার কাজও ইতোমধ্যে শেষ করা হয়েছে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমেও ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে।

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, কমিশনের প্রশাসনিক প্রস্তুতি শেষ হলেও পরীক্ষা, জাতীয় উৎসব ও অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচির বিষয়গুলো বিবেচনার বাইরে রাখার সুযোগ নেই। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে খুব শিগগিরই নির্বাচনের চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হবে।

-স্বাধীন/ এমএ

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপ: সিইসি
লোগো
Aug 27, 2026

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপ: সিইসি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta