সংসদে হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

প্রকাশঃ Aug 27, 2026 - 18:54
সংসদে হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

বর্তমান জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আজকে একে অপরকে কথা বলার সুযোগে যেভাবে বাধা দেওয়ার চেষ্টা দেখেছি, তা সংসদের জন্য ভালো লক্ষণ নয়।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতার বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোল ও বাগবিতণ্ডার পর স্পিকার এসব কথা বলেন। বিকেল ৩টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন তিনি।

সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ‘বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে সচল রাখতে এবং জনগণের এই প্রতিষ্ঠানকে কার্যকর রাখতে হলে রুলস অব প্রসিডিউর কঠোরভাবে মেনে চলতে হবে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের বলব, সংসদের রুলস অব প্রসিডিউর পড়ুন। স্পিকার যখন কথা বলেন, তখন সবাইকে বসে শুনতে হয়। এই আইন-নীতি যদি না মানেন, ভঙ্গ করেন, তাহলে এই সংসদ বেশিদিন চলবে না।’

জাতীয় সংসদে নিজের ৪০ বছরের অভিজ্ঞতার কথা স্মরণ করে স্পিকার বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একটি কার্যকর ও ভালো সংসদ উপহার দিতে হবে। এ জন্য তিনি সব সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

এর আগে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর সংসদে হট্টগোল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি কথাই না বলতে দেন, তাহলে কিসের বাকস্বাধীনতা।’

এর পরপরই সংসদে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ওই অংশ এক্সপাঞ্জ করার দাবি জানান বিরোধী দলের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার সংসদ সদস্যদের নিয়ম মেনে অধিবেশনের কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

-স্বাধীন/ এমএ

সংসদে হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার
লোগো
Aug 27, 2026

সংসদে হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta