হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ৯৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৬১ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের।
বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৮৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর রয়েছে সিলেট বিভাগ, যেখানে মারা গেছেন ১৪৮ জন। এছাড়া বরিশালে ৫১, চট্টগ্রামে ৬৪, খুলনায় ৩৩, ময়মনসিংহে ৭৪, রাজশাহীতে ৯২ এবং রংপুর বিভাগে ১৪ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১০০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
একই সময়ে নতুন করে ৭০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৭৯৬ জনের হাম শনাক্ত হয়েছে।
-স্বাধীন/ এমএ
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

