কওমি ছাত্ররা কর্মসূচি প্রত্যাহার করলেও অনুষ্ঠান করতে পারছে না এনসিপি

প্রকাশঃ Aug 29, 2026 - 17:22
কওমি ছাত্ররা কর্মসূচি প্রত্যাহার করলেও অনুষ্ঠান করতে পারছে না এনসিপি

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করায় কর্মসূচি প্রত্যাহার করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর সংগঠনটির পক্ষ থেকে কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

তবে জেলা প্রশাসন জানিয়েছে, জেলা শিল্পকলা একাডেমি কোনো রাজনৈতিক কর্মসূচি আয়োজনের স্থান নয়। ফলে সেখানে এনসিপির রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হচ্ছে না।

জানা গেছে, শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা ছিল।

এর আগে শুক্রবার দিবাগত রাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসার শিক্ষার্থীরা হাসনাত আবদুল্লাহর ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন। ওই সময় তারা হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ না করলে এনসিপির অনুষ্ঠান প্রতিহতের ঘোষণা দেন।

পরিস্থিতির মধ্যে শনিবার বিকেল ৩টায় এনসিপির নির্ধারিত অনুষ্ঠানস্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করার ঘোষণা দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। তবে শনিবার দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেন এবং সংসদে দেওয়া বক্তব্য নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।

এর পরিপ্রেক্ষিতে কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, ‘হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করেছেন। এ কারণে আমাদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এনসিপির কর্মসূচিতে আমাদের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না।’

তবে জেলা প্রশাসনের সিদ্ধান্তে শেষ পর্যন্ত শিল্পকলা একাডেমিতে এনসিপির অনুষ্ঠান হচ্ছে না।

জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, এনসিপির পক্ষ থেকে শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করার কথা জানানো হয়েছিল। কিন্তু এটি যে রাজনৈতিক সমাবেশ বা কর্মসূচি হবে, তা জানানো হয়নি। এ কারণে রাজনৈতিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, শিল্পকলা একাডেমি রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের জন্য নয়, তাই সেখানে এনসিপি অনুষ্ঠান করতে পারবে না।

-স্বাধীন/এমএ

কওমি ছাত্ররা কর্মসূচি প্রত্যাহার করলেও অনুষ্ঠান করতে পারছে না এনসিপি
লোগো
Aug 29, 2026

কওমি ছাত্ররা কর্মসূচি প্রত্যাহার করলেও অনুষ্ঠান করতে পারছে না এনসিপি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta