ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ কর্মকর্তা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আট কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং তিনজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার।
রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ পদায়নের কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তাদের নামের পাশে উল্লেখ করা দায়িত্বে পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বে যোগদানের আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
অফিস আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোনাহের আলীকে গোয়েন্দা-মিরপুর বিভাগ থেকে গোয়েন্দা-গুলশান বিভাগে বদলি করা হয়েছে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ থেকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবির হাসান পিপিএমকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোন থেকে ডিএমপি কমিশনারের দপ্তরে স্টাফ অফিসার টু কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান চৌধুরীকে গোয়েন্দা-রমনা বিভাগ থেকে পিওএম-পূর্ব বিভাগে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম পিপিএমকে পিওএম-পূর্ব বিভাগ থেকে গোয়েন্দা-রমনা বিভাগের রমনা জোনাল টিমে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, তিন উপ-পুলিশ কমিশনারকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন মো. শরফুদ্দীন, মো. আজাদ রহমান ও মোহাম্মদ নূরে আলম।
আদেশে বলা হয়েছে, মো. শরফুদ্দীনকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার পদ থেকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, মো. আজাদ রহমানকে ট্রাফিক-ওয়ারী বিভাগ থেকে ডেভেলপমেন্ট সিকিউরিটি বিভাগে এবং মোহাম্মদ নূরে আলমকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ থেকে ট্রাফিক-ওয়ারী বিভাগে পদায়ন করা হয়েছে।
-স্বাধীন/এমএ
ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ কর্মকর্তা

