ইয়াবা-পিস্তল নিয়ে চট্টগ্রামে, চেকপোস্টে গ্রেপ্তার ২

প্রকাশঃ Sep 11, 2026 - 15:01
ইয়াবা-পিস্তল নিয়ে চট্টগ্রামে, চেকপোস্টে গ্রেপ্তার ২

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার থেকে এসব ইয়াবা ও আগ্নেয়াস্ত্র চট্টগ্রামে নেওয়া হচ্ছিল।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুসকুল এলাকার মো. তারেকুল ইসলাম (২৬) ও মো. রাশেদুল ইসলাম ওরফে রুবেল (৩৮)।

পুলিশ জানায়, নিয়মিত চেকপোস্ট ও বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি ফোটন পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির চালকের সিটের পেছনের একটি পকেটে বিশেষ কৌশলে লুকানো সাদা পলিথিনে মোড়ানো একটি পুটলা পাওয়া যায়।

পরে পুটলিটি খুলে ২ হাজার পিস ইয়াবা, ৭ দশমিক ৬৫ মিমি ক্যালিবারের ‘মেড ইন ইউএসএ’ লেখা একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন, তারা কক্সবাজারের কুরুশকুল এলাকা থেকে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে যাচ্ছিলেন। একই এলাকার মামুন নামের এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রগুলো পরিবহন করছিলেন তারা।

পুলিশ আরও জানায়, উদ্ধার করা মাদক ও অস্ত্র গ্রহণের জন্য মামুন এরই মধ্যে বাসে করে চট্টগ্রাম নগরীতে চলে যান।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, পলাতক মামুনকে গ্রেপ্তারের পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় উদ্ধার করা মাদক ও অস্ত্রের বিষয়ে প্রচলিত আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

-স্বাধীন দিগাস্ত/এস

ইয়াবা-পিস্তল নিয়ে চট্টগ্রামে, চেকপোস্টে গ্রেপ্তার ২
লোগো
Sep 11, 2026

ইয়াবা-পিস্তল নিয়ে চট্টগ্রামে, চেকপোস্টে গ্রেপ্তার ২

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta