স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী

প্রকাশঃ Sep 14, 2026 - 16:39
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ ও বর্তমান পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি সমন্বিত অ্যাকশন প্ল্যান তৈরি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় স্থানীয় সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ে গৃহীত পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে আগেই রোগটি প্রতিরোধ করা বেশি কার্যকর এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই তিন মাস ডেঙ্গুর পিক সিজন। তাই পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। যদিও বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম, তবুও এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই।

মন্ত্রী বলেন, দুই দিন আগে প্রধানমন্ত্রী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন। ডেঙ্গু যাতে সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে ৬৪ জেলায় একযোগে পরিচালিত সচেতনতামূলক ক্যাম্পেইনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নতুন প্রজন্মকে এ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সরকার চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। কারণ রোগটি হওয়ার পর চিকিৎসা করার চেয়ে আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অনেক বেশি সহজ ও কার্যকর।

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে সারাদেশে ডেঙ্গু বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। এসব উদ্যোগে জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ডেঙ্গুর দীর্ঘ ইতিহাস তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডেঙ্গু কোনো নতুন রোগ নয়। প্রায় দুই হাজার বছর ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ এ রোগের সঙ্গে মোকাবিলা করে আসছে।

তিনি বলেন, ডেঙ্গুর ইতিহাস পর্যালোচনার উদ্দেশ্য হলো অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতের কর্মপরিকল্পনাকে আরও কার্যকর করা। তাই রোগটির ইতিহাস, পরিবেশ, মশার বিস্তারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে আধুনিক প্রযুক্তির পাশাপাশি স্থানীয় বাস্তবতা ও অভিজ্ঞতাকেও কাজে লাগাতে হবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ঢাকাস্থ অফিসের সিনিয়র অপারেশনস অফিসার ও প্রকল্পের টাস্ক টিম লিডার ইফ্ফাত মাহমুদ।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, আইসিডিডিআরবি, স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর, নিপসম, আবহাওয়া অধিদপ্তর, বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।

-স্বাধীন/এমএ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী
লোগো
Sep 14, 2026

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta