সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে একাধিক নতুন সুবিধা

প্রকাশঃ Sep 16, 2026 - 14:16
সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে একাধিক নতুন সুবিধা

সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও আকর্ষণীয় ও মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে বেশ কিছু নতুন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সুবিধাগুলোর মধ্যে রয়েছে পেনশনার মারা গেলে তার স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়া, পেনশনারদের স্বাস্থ্যবীমার আওতায় আনা, বিশেষ প্রয়োজনে ঋণ নেওয়ার সুযোগ এবং নির্দিষ্ট শর্ত পূরণ হলে পেনশন ব্যবস্থা থেকে বের হয়ে যাওয়ার সুবিধা।

আগামীকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে এসব প্রস্তাব নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পদাধিকারবলে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অর্থমন্ত্রী।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সুরাতুজ্জামান জানিয়েছেন, সর্বজনীন পেনশন ব্যবস্থায় মানুষের আগ্রহ বাড়াতে কয়েকটি সংস্কার প্রস্তাব সভায় উপস্থাপন করা হবে। প্রস্তাবগুলো অনুমোদন এবং বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন করা গেলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন সুবিধাগুলো চালু করা সম্ভব হতে পারে।

বয়স্ক জনগোষ্ঠীকে দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তার আওতায় আনা এবং ভবিষ্যতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে নির্ভরশীলতার হার বাড়ার সম্ভাবনা বিবেচনায় নিয়ে ২০২৩ সালের আগস্টে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করে সরকার। তবে প্রায় তিন বছর পার হলেও এ ব্যবস্থায় প্রত্যাশিত সাড়া মেলেনি।

সংশ্লিষ্টদের মতে, ব্যাংকের আমানতের সুদের তুলনায় পেনশন ব্যবস্থায় রিটার্ন কম এবং গ্রাহকদের তাৎক্ষণিক সুবিধা সীমিত হওয়ায় মানুষের আগ্রহ তুলনামূলক কম। বর্তমানে চারটি স্কিমে মোট ৩ লাখ ৭৯ হাজার ৯২০ জন নিবন্ধিত হয়েছেন। তাদের জমার পরিমাণ দাঁড়িয়েছে ২৮৮ কোটি ৫২ লাখ টাকা।

এর মধ্যে দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের জন্য চালু ‘সমতা’ স্কিমে নিবন্ধিত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ২২৪ জন। এই স্কিমে জমা হয়েছে ৫৬ কোটি ৮৫ লাখ টাকা। অন্যদিকে প্রবাসীদের জন্য চালু ‘প্রবাস’ স্কিমে অংশগ্রহণ সবচেয়ে কম। এ পর্যন্ত মাত্র ১ হাজার ১৭১ জন প্রবাসী এতে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে নারী ৯৭ জন। এ স্কিমে জমা হয়েছে ১১ কোটি ৮৭ লাখ টাকা।

স্বামী বা স্ত্রী পাবেন আজীবন পেনশন
বর্তমান নিয়মে ৬০ বছর বয়সে পেনশনাররা মাসিক পেনশন পাওয়া শুরু করেন। পেনশন পাওয়ার সময় কোনো পেনশনার মারা গেলে তার নমিনি পেনশনারের ৭৫ বছর বয়স পর্যন্ত একই হারে মাসিক পেনশন পেয়ে থাকেন।

নতুন প্রস্তাবে নমিনির পরিবর্তে পেনশনারের স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার কথা বলা হচ্ছে। সরকারি চাকরিজীবীদের প্রচলিত পেনশন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতেই এমন প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া পেনশন পাওয়ার বয়স ৬০ বছর থেকে কমিয়ে ৫৫ বছর করার প্রস্তাবও পরিচালনা পর্ষদের সভায় আলোচনায় আসতে পারে।

চালু হতে পারে ঋণ সুবিধা
সর্বজনীন পেনশন আইনে গ্রাহকের জমা করা অর্থের একটি অংশ বিশেষ প্রয়োজনে ঋণ হিসেবে নেওয়ার সুযোগ রাখা হলেও এখন পর্যন্ত এ সুবিধা চালু হয়নি। এবার সেই সুবিধা কার্যকর করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।

প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট প্রয়োজনের ক্ষেত্রে গ্রাহক তার জমা অর্থের একটি অংশ ঋণ হিসেবে নিতে পারবেন। ঋণের বিপরীতে অর্জিত সুদের অর্থও সংশ্লিষ্ট গ্রাহকের পেনশন হিসাবে যুক্ত করার প্রস্তাব রয়েছে।

অক্ষম হলে তুলে নেওয়া যাবে পুরো অর্থ
নতুন প্রস্তাবে বলা হচ্ছে, কোনো গ্রাহক পেনশন ব্যবস্থায় পাঁচ বছর চাঁদা দেওয়ার পর শারীরিক ও আর্থিকভাবে অক্ষম হয়ে পড়লে বিশেষ বিবেচনায় ব্যবস্থা থেকে বের হয়ে পুরো জমা অর্থ তুলে নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে।

সংশ্লিষ্টদের ধারণা, এ সুবিধা চালু হলে দীর্ঘমেয়াদি পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়ার ক্ষেত্রে গ্রাহকদের আর্থিক অনিশ্চয়তা কিছুটা কমবে।

মাসে ১০ থেকে ২০ টাকায় স্বাস্থ্যবীমা
পেনশনারদের স্বাস্থ্যবীমার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে সরকারের। এ বিষয়ে একটি খসড়া পরিকল্পনা তৈরি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, গ্রাহকদের কাছ থেকে মাসে ১০ থেকে ২০ টাকা প্রিমিয়াম নেওয়া হতে পারে। এর মাধ্যমে পেনশনারদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শরিয়াহভিত্তিক স্কিম চালুর পরিকল্পনা
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও গ্রহণযোগ্য করে তুলতে শরিয়াহভিত্তিক একটি পেনশন স্কিম চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

পরিচালনা পর্ষদের সভায় এসব প্রস্তাব অনুমোদন পেলে বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। নতুন সুবিধাগুলো চালু হলে সর্বজনীন পেনশন ব্যবস্থায় মানুষের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

-স্বাধীন/এমএ

সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে একাধিক নতুন সুবিধা
লোগো
Sep 16, 2026

সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে একাধিক নতুন সুবিধা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta