সিসিকের সংবর্ধনায় বিএনপির অনুপস্থিতির কারণ জানাল মহানগর বিএনপি
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছে সিলেট মহানগর বিএনপি। দলটির দাবি, আয়োজকদের একক সিদ্ধান্ত, নেতাকর্মীদের যথাযথভাবে সম্পৃক্ত না করা এবং দাওয়াতের ক্ষেত্রে নিয়ম অনুসরণ না করায় তারা অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে বিরত থেকেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওয়া এক যৌথ বিবৃতিতে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী দলটির অবস্থান তুলে ধরেন।
তবে সংবর্ধনা অনুষ্ঠান ছাড়া রাষ্ট্রপতির সফরের অন্যান্য কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা অংশ নিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়। তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানোর পাশাপাশি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত কর্মসূচিতেও উপস্থিত ছিলেন।
নাগরিক কমিটি নিয়ে আপত্তি
মহানগর বিএনপির নেতারা বিবৃতিতে বলেন, রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলীয় উদ্যোগে তাকে স্বাগত জানানো হয়। তবে নাগরিক সংবর্ধনা আয়োজনের প্রক্রিয়া নিয়ে তাদের আপত্তি রয়েছে।
তাদের অভিযোগ, রাষ্ট্রপতির সংবর্ধনার জন্য সর্বসম্মত একটি নাগরিক কমিটি গঠনের বিষয়ে একাধিক সভায় আলোচনা হলেও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সে প্রক্রিয়া অনুসরণ করেননি। দলীয় নেতাকর্মীদেরও যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি বলে দাবি করেন তারা।
বিএনপির দুই নেতা জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সিলেট জেলা প্রশাসকের উপস্থিতিতে অনুষ্ঠিত দুটি সভায় নাগরিক কমিটি গঠনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল। তাদের দাবি, পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম পরিচালিত না হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেয় মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
বিবৃতিতে বিষয়টি নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সংবাদমাধ্যম ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ
সংবর্ধনা অনুষ্ঠানে অংশ না নিলেও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সার্কিট হাউসে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা।
সাক্ষাৎকালে তারা সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত থাকার পেছনের পরিস্থিতি এবং সিসিক প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন বলে জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।
এ বিষয়ে বক্তব্য জানতে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।
-স্বাধীন/এস
সিসিকের সংবর্ধনায় বিএনপির অনুপস্থিতির কারণ জানাল মহানগর বিএনপি

