বরিশালে আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রীর
বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বরিশাল জেলার আইন-শৃঙ্খলা, জনকল্যাণ ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি , বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, জননিরাপত্তা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেন, জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে সরকারি সেবা প্রদানে কোনো ধরনের হয়রানি ও অনিয়ম যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান। সাধারণ মানুষ যেন দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পায়, তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, উন্নয়ন প্রকল্পের কাজ নিয়মিত মনিটরিং করতে হবে এবং প্রকল্প বাস্তবায়নে গুণগতমান, স্বচ্ছতা, সময়ানুবর্তিতা ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বরিশাল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, জননিরাপত্তা এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকির ওপর গুরুত্বারোপ করেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারি কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
সভায় বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
-স্বাধীন/এমএ
বরিশালে আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রীর

