আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছি একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এটি শক্তি সঞ্চয় করে শনিবার সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
পরবর্তী সময়ে নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে বাংলাদেশের দেওয়া নামের তালিকা অনুযায়ী এর নাম হবে ‘অর্ণব’।
তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিয়ে এখনো নিশ্চিত কোনো পূর্বাভাস দেয়নি ভারতের আবহাওয়া দপ্তর। মার্কিন আবহাওয়া মডেল জিএফএস ঘূর্ণাবর্তটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ইঙ্গিত দিলেও ভারতের আবহাওয়া দপ্তর আপাতত নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনার কথাই জানিয়েছে।
উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস
ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে ঘূর্ণাবর্তটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর প্রভাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বজ্রপাত ও দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গের কিছু এলাকাতেও বৃষ্টির প্রভাব পড়তে পারে।
পশ্চিমবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের পাশাপাশি সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর এবং সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গে ইতোমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পরিস্থিতি বিবেচনায় উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার পর্যন্ত বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ জারি রাখা হয়েছে।
তবে সম্ভাব্য নিম্নচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না এবং এর গতিপথ কী হবে, তা পরবর্তী আবহাওয়া পর্যবেক্ষণের ওপর নির্ভর করবে।
-স্বাধীন/এস
আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

