শনিবার যেসব এলাকায় সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহীর কয়েকটি এলাকায় টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন ১১ কেভি লাইনের আশপাশে থাকা গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে। এ কারণে শনিবার সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো—তালাইমারী, মতিহার, ধরমপুর, ফুলতলা, সোরাফানের মোড়, কাজলা, বিনোদপুর, মির্জাপুর, মকবুল হাওলাদারের মোড়, মাছোপাড়া, বেলদারপাড়া, ঢাকা বাসস্ট্যান্ড, বটতলা ও আশপাশের এলাকা।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো রাজশাহী কর্তৃপক্ষ। নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
-স্বাধীন/এমএ
শনিবার যেসব এলাকায় সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

