পাসপোর্টে বাবার পরিচয় বদলের অভিযোগে মালয়েশিয়াগামী ৪ জন আটক
পাসপোর্টে বাবার পরিচয় পরিবর্তন করে অন্য দুই ব্যক্তিকে বাবা হিসেবে দেখানোর অভিযোগে মালয়েশিয়াগামী দুই তরুণসহ চারজনকে আটক করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা।
বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৬ ফ্লাইটে তাদের কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল। চারজনের বোর্ডিং পাসে রাত ৮টায় বোর্ডিংয়ের সময় উল্লেখ ছিল এবং তাদের আসনও পাশাপাশি ১০ নম্বর সারিতে ছিল।
আটক চারজন হলেন—মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ শাবুর মিয়া, আতিকুর রহমান ও নাজমুল ফকির অপু। তাদের মধ্যে হেলাল উদ্দিন ও শাবুর মিয়া বয়স্ক এবং আতিকুর রহমান ও অপু তরুণ।
ইমিগ্রেশন কর্মকর্তারা পাসপোর্ট যাচাইয়ের সময় দেখতে পান, আতিকুর রহমানের পাসপোর্টে বাবার নাম হিসেবে হেলাল উদ্দিনের নাম উল্লেখ রয়েছে। একই সঙ্গে জরুরি যোগাযোগের ব্যক্তির নাম ও সম্পর্কের ঘরেও হেলাল উদ্দিনকে ‘বাবা’ হিসেবে দেখানো হয়েছে। দুই পাসপোর্টে শরীয়তপুরের নড়িয়ার নবগ্রামের একই ঠিকানা দেওয়া হয়েছে।
অন্যদিকে, নাজমুল ফকির অপুর পাসপোর্টে বাবার নাম হিসেবে শাবুর মিয়ার নাম উল্লেখ রয়েছে। জরুরি যোগাযোগের ব্যক্তির ক্ষেত্রেও শাবুর মিয়ার নাম এবং সম্পর্কের ঘরে ‘বাবা’ লেখা হয়েছে। তাদের ঠিকানা হিসেবে ঢাকার কদমতলীর পশ্চিম মোহাম্মদবাগের একই ঠিকানা দেওয়া হয়েছে।
বিমানবন্দর সূত্রের দাবি, পাসপোর্টের তথ্য যাচাইয়ের সময় এসব অসংগতি ধরা পড়ে। অভিযোগ রয়েছে, দুই তরুণের পাসপোর্টে তাদের প্রকৃত বাবার পরিচয় পরিবর্তন করে হেলাল উদ্দিন ও শাবুর মিয়াকে বাবা হিসেবে দেখানো হয়েছে। তবে পাসপোর্টের অন্যান্য তথ্য অপরিবর্তিত ছিল।
ইমিগ্রেশন কাউন্টারে হেলাল উদ্দিন ও শাবুর মিয়া দুই তরুণকে নিজেদের ছেলে হিসেবে পরিচয় দিয়ে একসঙ্গে দেশ ছাড়ার ছাড়পত্র নেওয়ার চেষ্টা করেন। তবে তথ্যের অসংগতি ধরা পড়ায় দেশ ছাড়ার আগেই তাদের আটক করা হয়।
এদিকে পাসপোর্টের তথ্য অনুযায়ী, হেলাল উদ্দিনের জন্ম ১৯৭৭ সালের ১২ মার্চ, আর আতিকুর রহমানের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি। অন্যদিকে শাবুর মিয়ার জন্ম ১৯৬২ সালের ১৬ ডিসেম্বর এবং অপুর জন্ম ২০০৭ সালের ১২ মার্চ।
বিমানবন্দর সূত্র জানায়, হেলাল উদ্দিন ও শাবুর মিয়ার বিদেশ ভ্রমণের দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে দুই তরুণকে কী উদ্দেশ্যে মালয়েশিয়ায় নেওয়া হচ্ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে ঘটনাটিকে আপাতত মানবপাচারের ঘটনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন অপারেশন শাখার বিশেষ পুলিশ সুপার মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
-স্বাধীন/এস
পাসপোর্টে বাবার পরিচয় বদলের অভিযোগে মালয়েশিয়াগামী ৪ জন আটক

