পুরো ঢাকা মহানগর সিসিটিভির আওতায় আনতে সরকারের উদ্যোগ

প্রকাশঃ Sep 10, 2026 - 17:43
পুরো ঢাকা মহানগর সিসিটিভির আওতায় আনতে সরকারের উদ্যোগ

পুরো ঢাকা মহানগরকে সিসিটিভি নজরদারির আওতায় আনার উদ্যোগ এগিয়ে নিচ্ছে সরকার। এ লক্ষ্যে নেওয়া ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং ইন ডিএমপি’ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) নতুন করে সাজানো হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদে ঢাকা-৫ আসনের জামায়াতের সদস্য মোহাম্মদ কামাল হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাচাই কমিটির সিদ্ধান্ত অনুসারে প্রকল্পের ডিপিপি পুনর্গঠনের কাজ চলছে। পরবর্তী সময়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন করলে ঢাকা মহানগরের পুরো এলাকাকে সিসিটিভি ব্যবস্থার আওতায় আনার প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হবে।

তিনি জানান, পুরো ঢাকা শহরে সিসিটিভি স্থাপনের লক্ষ্য নিয়ে ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং ইন ডিএমপি’ প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অনুমোদন না পাওয়া নতুন প্রকল্পগুলোর তালিকায় রয়েছে।

প্রকল্পটির প্রাথমিক ডিপিপি নিয়ে গত ২৪ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে যাচাই কমিটির বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ডিপিপি সংশোধন ও পুনর্গঠনের কাজ চলছে।

আধুনিক হচ্ছে কোস্ট গার্ড

অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে স্থানীয় ডকইয়ার্ডে পাঁচটি নতুন ইনশোর প্যাট্রোল ভেসেল (আইপিভি) নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসব নৌযান তৈরি করা হবে।

কোস্ট গার্ডের গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধির জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিআরডিসি) স্থাপনের কাজও এগিয়ে চলছে বলে জানান তিনি।

এ ছাড়া কোস্টাল সার্ভেইল্যান্স সিস্টেম (সিএসএস) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রযুক্তি উদ্ভাবন, বিভিন্ন পরিচালনাগত সমস্যা মোকাবিলা এবং কোস্ট গার্ডের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে এই ব্যবস্থা ভূমিকা রাখবে বলে জানান মন্ত্রী।

বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ

সংসদে দেওয়া তথ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ২০২৬ সালে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ১ কোটি ৫৫ লাখ ইয়াবা, ২৯ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন বা আইস, ৯ দশমিক ৫ কেজি হেরোইন, ১ কেজি আফিম, ১৪ বোতল এলএসডি, ২৬ হাজার ৪৭৪ বোতল ফেনসিডিল, ১১ হাজার ৭০৭ কেজি গাঁজা এবং ৫৭ হাজার ৪৬৯ বোতল বিদেশি মদ ও বিয়ার।

এসব অভিযানে চলতি বছরে মোট ১ হাজার ২১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে থার্মাল ক্যামেরা ও ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। বিশেষ করে ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে মাদক ঢোকার পথগুলো বন্ধ করতে নজরদারি জোরদার করা হয়েছে।

-স্বাধীন দিগাস্ত/এস

পুরো ঢাকা মহানগর সিসিটিভির আওতায় আনতে সরকারের উদ্যোগ
লোগো
Sep 10, 2026

পুরো ঢাকা মহানগর সিসিটিভির আওতায় আনতে সরকারের উদ্যোগ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta