বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
লিটারপ্রতি জ্বালানি তেলের দাম এক ধাক্কায় ২০ টাকা বাড়ানোর পর বাস ভাড়া বৃদ্ধির প্রাথমিক প্রস্তাব সামনে এসেছে। জ্বালানির বাড়তি খরচের সঙ্গে সমন্বয় করে কিলোমিটারপ্রতি বাস ভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাসভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএর বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেয় সড়ক পরিবহন মালিক সমিতি। এর ফলে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।
একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে কিলোমিটারপ্রতি বাস ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া ডিটিসি এলাকায় মিনিবাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব করেছে সড়ক পরিবহন মালিক সমিতি।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এএসএম আহমেদ খোকন জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
-স্বাধীন/এমএ
বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

