মিষ্টি ও রসালো আপেল চিনে কেনার ৫ উপায়
ভিনদেশি ফল হলেও আপেল এখন আমাদের কাছে বেশ পরিচিত। বাজারে সহজেই পাওয়া যায় নানা রঙ, আকার ও স্বাদের আপেল। নিজেদের খাওয়ার পাশাপাশি দাওয়াতে কিংবা অসুস্থ কাউকে দেখতে যাওয়ার সময়ও অনেকেই সঙ্গে করে আপেল নিয়ে যান।
তবে আপেল কিনে অনেক সময় আশানুরূপ স্বাদ পাওয়া যায় না। দেখতে মিষ্টি মনে হলেও খাওয়ার পর দেখা যায় একেবারেই পানসে। তাই একটু সচেতন হয়ে কয়েকটি বিষয় খেয়াল করলেই মিষ্টি ও রসালো আপেল বেছে নেওয়া সহজ হবে। চলুন জেনে নেওয়া যাক—
১. শুধু রঙ দেখে কিনবেন না
উজ্জ্বল লাল আপেল দেখলেই সেটি মিষ্টি হবে—এমনটা নয়। আপেলের রং দেখে স্বাদ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। তাই শুধু রঙের দিকে নজর না দিয়ে আপেলের শক্তভাব, গন্ধ ও ত্বকের সতেজতাও পরীক্ষা করে নিন।
২. শক্ত আপেল বেছে নিন
আপেল হাতে নিয়ে আলতো করে চাপ দিয়ে দেখুন। ভালো আপেল সাধারণত শক্ত ও দৃঢ় অনুভূত হবে। অতিরিক্ত নরম আপেল বেশি পাকা বা দীর্ঘদিনের পুরোনো হতে পারে। তবে জোরে চাপ দেবেন না, এতে আপেলের গায়ে দাগ পড়ে যেতে পারে।
৩. গন্ধ শুঁকে দেখুন
কেনার আগে আপেলটি কাছে এনে হালকা গন্ধ নিন। পাকা আপেলে সাধারণত মৃদু মিষ্টি গন্ধ থাকে। অন্যদিকে একেবারেই গন্ধহীন আপেল পুরোপুরি পাকা নাও হতে পারে। তাই গন্ধও হতে পারে ভালো আপেল বেছে নেওয়ার একটি সহজ উপায়।
৪. ত্বক বা খোসা ভালোভাবে দেখুন
মসৃণ ও সতেজ খোসার আপেল বেছে নিন। থেঁতলানো, কালো দাগযুক্ত বা কুঁচকে যাওয়া আপেল এড়িয়ে চলাই ভালো। এসব লক্ষণ আপেলের সতেজতা ও স্বাদে প্রভাব ফেলতে পারে।
৫. ওজন মিলিয়ে দেখুন
একই আকারের কয়েকটি আপেল হাতে নিয়ে ওজন তুলনা করুন। সাধারণত একই আকারের মধ্যে তুলনামূলক ভারী আপেলে রসের পরিমাণ বেশি থাকতে পারে। তাই আপেল কেনার সময় আকারের পাশাপাশি এর ওজনও বিবেচনা করুন।
সুতরাং, শুধু আপেলের বাহ্যিক রং দেখে নয়—শক্তভাব, গন্ধ, খোসার সতেজতা ও ওজনের মতো বিষয়গুলোও যাচাই করে কিনুন। এতে মিষ্টি ও রসালো আপেল বেছে নেওয়ার সম্ভাবনা বাড়বে।
-স্বাধীন/এস
মিষ্টি ও রসালো আপেল চিনে কেনার ৫ উপায়

