বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, নাম হতে পারে ‘অর্ণব’
বঙ্গোপসাগরে একটি বিশাল মেঘের জটলা তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া দপ্তর।
আবহাওয়া পরিস্থিতি আরও অনুকূল হলে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেক্ষেত্রে এর নাম হবে ‘অর্ণব’। বাংলা ‘অর্ণব’ শব্দের অর্থ সমুদ্র। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য এই নামটি আগেই নির্ধারণ করে রেখেছে বাংলাদেশ।
বর্তমানে নিম্নচাপটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে প্রায় ২০০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়া বিজ্ঞানীদের ধারণা, এটি দ্রুত উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আগামী বুধ ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ সেপ্টেম্বর) মাঝরাতে নিম্নচাপটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করে স্থলভাগে আঘাত হানতে পারে।
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে। কোথাও কোথাও প্রায় ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
ভারী বৃষ্টির কারণে নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি নদ-নদীর পানিও দ্রুত বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। ফলে উপকূলীয় অঞ্চলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সম্ভাব্য দুর্যোগের কথা বিবেচনায় নিয়ে শিশুদের নিরাপদ রাখতে আগাম পদক্ষেপ নিয়েছে ওড়িশা সরকার। রাজ্যের খুরদা, গঞ্জাম, গজপতি ও জগৎসিংপুর জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি-বেসরকারি স্কুল ও শিশু কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া সমুদ্র উপকূলের জেলে ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
-স্বাধীন/এস
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, নাম হতে পারে ‘অর্ণব’

