অক্টোবরজুড়ে কেমন থাকবে আবহাওয়া

প্রকাশঃ Oct 1, 2026 - 11:35
অক্টোবরজুড়ে কেমন থাকবে আবহাওয়া

সারা বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পুরো মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরজুড়ে দেশের আবহাওয়ায় একাধিকবার পরিবর্তন দেখা যেতে পারে। মাসের প্রথমার্ধে ভ্যাপসা গরম ও বিচ্ছিন্ন বৃষ্টির প্রবণতা থাকলেও মধ্য অক্টোবরের দিকে বিদায় নিতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এরপর মাসের শেষভাগে সাগরে লঘুচাপ তৈরি হলে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে এবং সমুদ্রও উত্তাল হয়ে উঠতে পারে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বিডব্লিউওটি।

১ থেকে ১০ অক্টোবর: গরমের সঙ্গে বিচ্ছিন্ন বৃষ্টি

মাসের প্রথম ১০ দিন দেশের অধিকাংশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রোদ ও মেঘের লুকোচুরি চলবে প্রায় পুরো সময়জুড়েই।

চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে স্বল্পস্থায়ী খণ্ডকালীন বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। অন্যান্য বিভাগে বৃষ্টির পরিমাণ কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, অধিকাংশ বৃষ্টিই দুপুর থেকে রাত ১২টার মধ্যে হতে পারে। তবে প্রথম দুই দিন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ ও স্থায়িত্ব তুলনামূলক বেশি হতে পারে।

এ সময়ে প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ ঘণ্টা স্বাভাবিক রোদ থাকতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগে স্বাভাবিক খরা পরিস্থিতি দেখা দিতে পারে। রাজশাহী ও সিলেটের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

বৃষ্টিহীন সময়ে সারা দেশেই তীব্র ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। ভোরের দিকে মধ্য ও উত্তরাঞ্চলের নদী অববাহিকায় স্বাভাবিক কুয়াশাও দেখা যেতে পারে।

তবে বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

১১ থেকে ২০ অক্টোবর: আবহাওয়া থাকবে তুলনামূলক শান্ত

অক্টোবরের দ্বিতীয় ১০ দিনে অর্থাৎ ১১ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশের আবহাওয়া মোটামুটি ভালো ও পরিষ্কার থাকতে পারে।

খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে কিছুটা মেঘের আধিক্য থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিচ্ছিন্নভাবে অল্প কিছু এলাকায় দুপুর থেকে রাতের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৪ অক্টোবরের মধ্যে সারা দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিতে পারে। ১৪ অক্টোবরের পর টানা বৃষ্টির সম্ভাবনা কম।

তবে ১৯ ও ২০ অক্টোবরের দিকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। এ সময়ে দিনে গড়ে ৬ থেকে ৯ ঘণ্টা রোদ থাকতে পারে।

এদিকে ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি দুর্বল সিস্টেম বা লঘুচাপ তৈরির সামান্য সম্ভাবনার কথা জানিয়েছে বিডব্লিউওটি। এর প্রভাবে ১৭ অক্টোবরের পর গভীর সমুদ্র কিছুটা উত্তাল হতে পারে।

২১ থেকে ৩১ অক্টোবর: বাড়তে পারে বৃষ্টি, উত্তাল হতে পারে সাগর

মাসের শেষ ১০ দিনে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে ২১ থেকে ২৫ অক্টোবরের মধ্যে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে মেঘাচ্ছন্ন আকাশ এবং তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময়ে একটি বৃষ্টি বলয় সক্রিয় হতে পারে। ফলে রোদের পরিমাণ কমে দিনে ৪ থেকে ৮ ঘণ্টায় নেমে আসতে পারে।

গভীর সমুদ্রও এ সময় উত্তাল থাকতে পারে। পাহাড়ি এলাকায় সামান্য পাহাড়ধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

তবে ২৫ অক্টোবরের পর দেশের আকাশ আবার পরিষ্কার হয়ে আসতে পারে এবং বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে। মাসের শেষভাগে ভ্যাপসা গরম বা তাপপ্রবাহের তেমন প্রভাব না থাকলেও রংপুর ও রাজশাহী বিভাগে স্বাভাবিক খরা পরিস্থিতি বজায় থাকতে পারে।

নদী অববাহিকায় ভোরের কুয়াশার প্রবণতাও অব্যাহত থাকতে পারে।

লঘুচাপের গতিপথের ওপর নির্ভর করছে শেষভাগের আবহাওয়া

বিডব্লিউওটি জানিয়েছে, অক্টোবরের শেষভাগে বৃষ্টি, সমুদ্রের পরিস্থিতি, রোদের পরিমাণ ও পাহাড়ধসের সম্ভাবনা মূলত বঙ্গোপসাগরে তৈরি হতে যাওয়া সম্ভাব্য সিস্টেমের ওপর নির্ভর করবে।

সাগরে লঘুচাপ বা নিম্নচাপ তৈরির সময় ও গতিপথ পরিবর্তিত হলে এই পূর্বাভাসেও পরিবর্তন আসতে পারে। তাই দীর্ঘমেয়াদি পূর্বাভাসের পাশাপাশি নিয়মিত হালনাগাদ আবহাওয়ার তথ্য অনুসরণ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, পুরো অক্টোবর মাসে দেশে বন্যা, গ্রহণ বা শিলাবৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

-স্বাধীন/এস

অক্টোবরজুড়ে কেমন থাকবে আবহাওয়া
লোগো
Oct 1, 2026

অক্টোবরজুড়ে কেমন থাকবে আবহাওয়া

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta