সারা দেশের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি ধরনের বৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে থাকা লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে।
এদিকে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।
-স্বাধীন/এমএ
সারা দেশের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

