ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন

প্রকাশঃ Sep 22, 2026 - 20:46
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছানোর পর তাঁর সফর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে প্রতিনিধি দল। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা বৈঠকের সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয়।

স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় ম্যানহাটনের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলের লবিতে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এক সাংবাদিক জানতে চান, চার দিনের সফরে ১০টিরও বেশি দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও সৌজন্য সাক্ষাৎ থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদাভাবে বৈঠকের কোনো সুযোগ বা আয়োজন হয়েছে কি না।

জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর এ সফর দ্বিপক্ষীয় নয়, বরং বহুপক্ষীয়। এর মূল উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়া। তবে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছেন বলে জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, ট্রাম্পের আগ্রহের বিষয়টি জানা গেলেও সেটি দ্বিপক্ষীয় বৈঠকের প্রসঙ্গ। বর্তমান সফরের মূল লক্ষ্য জাতিসংঘের কার্যক্রমে অংশ নেওয়া। তাই জাতিসংঘের কর্মসূচির বাইরে দ্বিপক্ষীয় আলোচনা বা বৈঠকের সুযোগ সীমিত।

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কিনতে রাজি হওয়ায় গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশার কথাও জানিয়েছিলেন তিনি।

এদিকে সফরে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তেমন আলোচনা করা হবে না বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের ভাবমূর্তি, গণতান্ত্রিক রূপান্তরের পর সরকারের নীতি এবং নতুন বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই হবে সফরের অন্যতম লক্ষ্য।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন জানান, এবার প্রধানমন্ত্রী তুলনামূলকভাবে ছোট একটি বহর নিয়ে নিউইয়র্কে এসেছেন। আনুষ্ঠানিকভাবে বহরে ৩৩ জন রয়েছেন। এর বাইরে প্রয়োজনীয় মিডিয়া, নিরাপত্তা ও ব্যক্তিগত স্টাফ রয়েছেন।

তিনি বলেন, স্বল্পসংখ্যক সফরসঙ্গী নিয়ে আসার মূল উদ্দেশ্য হলো দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনায় বাংলাদেশের স্বার্থ, গণমানুষের অধিকার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।


-স্বাধীন/এস

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন
লোগো
Sep 22, 2026

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta