ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ
মৎস্য অধিদপ্তরের ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ায় ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।
মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে গত ২২ সেপ্টেম্বর ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এরপর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির কার্যক্রম বন্ধ রয়েছে।
আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের একটি চিঠি তাদের কাছে পৌঁছেছে। ওই চিঠিতে বেশ কয়েকটি অনাপত্তি সনদ বাতিলের কথা উল্লেখ রয়েছে। এর ফলে ইলিশ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় আমদানিকারকরা সমস্যায় পড়েছেন।
ইলিশ আমদানিকারক সৈয়দ মহিদুল হক রুবাই বলেন, হঠাৎ করে আমদানি বন্ধ হওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
তিনি জানান, আমদানির উদ্দেশ্যে ভারতের পাশে কেনা ইলিশ মজুত করে রাখা হয়েছিল। এখন সেগুলো কম দামে ফেরত দিতে হতে পারে। এর পাশাপাশি আমদানি প্রক্রিয়ায় ইতোমধ্যে হওয়া খরচও লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে।
-স্বাধীন/এমএ
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ

