রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৬

প্রকাশঃ Sep 27, 2026 - 12:29
রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৬

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দুই দেশ। যুদ্ধ পঞ্চম বছরে গড়ালেও এখনো অব্যাহত রয়েছে দুই পক্ষের হামলা-পাল্টা হামলা। খবর দ্য ডনের।

২০২২ সালে রাশিয়ার ইউক্রেন অভিযান শুরুর পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্মকাল পার করেছে অঞ্চলটি। এরপর থেকেই মস্কো ও কিয়েভ উভয় পক্ষ হামলার মাত্রা বাড়িয়েছে।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা চললেও এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি হয়নি। ক্রেমলিনও বারবার জানিয়েছে, পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলের লক্ষ্য থেকে তারা সরে আসেনি।

ইউক্রেনে রুশ হামলা

ইউক্রেন জানিয়েছে, রুশ হামলায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের সুমি, জাপোরিঝঝিয়া ও দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দিনিপ্রোপেত্রোভস্কের ১৭ বছর বয়সী এক কিশোরীও রয়েছে।

রাজধানী কিয়েভেও রুশ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর এক দিন আগে শহরটিতে রুশ হামলায় সাতজন নিহত হন।

ইউক্রেনের দাবি, যুদ্ধের আরেকটি শীত সামনে রেখে কিয়েভে হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো।

রুশ ভূখণ্ডেও ইউক্রেনের হামলা

অন্যদিকে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের হামলায় ক্রাসনোদার ও বেলগোরোদ অঞ্চলে চারজন নিহত হয়েছেন।

মস্কো-সমর্থিত খেরসন অঞ্চলের কর্মকর্তা ভ্লাদিমির সালদো জানান, শুক্রবার সন্ধ্যায় ক্রিমিয়ার কাছে আস্কানিয়া-নোভা গ্রামের একটি ক্যাফেতে ইউক্রেনীয় ড্রোন হামলা চালানো হয়। হামলার পর ধ্বংসস্তূপ থেকে ২০০৪ ও ২০০৬ সালে জন্ম নেওয়া দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই এলাকায় আরও একজন নিহত হয়েছেন বলেও জানান তিনি।

এ ছাড়া মস্কো-নিযুক্ত জাপোরিঝঝিয়া অঞ্চলের কর্মকর্তা ইয়েভগেনি বালিৎস্কি জানিয়েছেন, রাতের ইউক্রেনীয় হামলায় দখলকৃত ওই অঞ্চলে আরও তিনজন নিহত হয়েছেন।

যুদ্ধ বন্ধের আলোচনা

জাতিসংঘের কর্মকর্তারা যুদ্ধের কারণে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধ বন্ধে একটি চুক্তি ‘হতে যাচ্ছে’।

তবে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা চললেও সংঘাত থামার বাস্তব অগ্রগতি এখনো সীমিত। ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।


-স্বাধীন/এস

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৬
লোগো
Sep 27, 2026

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৬

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta