আইসিসিকে ‘নিয়ন্ত্রণহীন ও দুর্বৃত্ত সংস্থা’ বললেন ট্রাম্প
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইসিসিকে ‘নিয়ন্ত্রণহীন প্রতিষ্ঠান’ ও ‘দুর্বৃত্ত সংস্থা’ হিসেবে উল্লেখ করে এর সদস্য দেশগুলোকে অবিলম্বে সংস্থাটি থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আইসিসির সমালোচনা করে ট্রাম্প বলেন, এটি ‘দুষ্ট লোকদের একটি দল’। তিনি আরও বলেন, কোনো মার্কিন সেনাসদস্য বা অন্য কোনো মার্কিন নাগরিককে এই আদালতের সামনে হাজির হতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের ওপর আইসিসির কোনো এখতিয়ার নেই বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘আইসিসির সদস্য সব দেশকে এই দুর্বৃত্ত প্রতিষ্ঠান থেকে অবিলম্বে আনুষ্ঠানিকভাবে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ট্রাম্পের পক্ষ থেকে আদালতটির বিরুদ্ধে এমন কঠোর বক্তব্য এল।
আইসিসির পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্র এরই মধ্যে আদালতের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি আইসিসিকে মার্কিন আর্থিক ব্যবস্থার বাইরে রাখাসহ আরও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে।
আইসিসির পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার পরিষদ ও ইউনেস্কোর কিছু নীতিরও সমালোচনা করেন ট্রাম্প। তাঁর ভাষণে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা এবং জাতীয় সার্বভৌমত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানও উঠে আসে।
জাতিসংঘ সংস্কার প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের উদ্যোগ ও চাপের ফলে জাতিসংঘের বাজেট ১৫ শতাংশ কমানো হয়েছে এবং প্রায় ৪ হাজার পদ বিলুপ্ত করা সম্ভব হয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মাধ্যমে বৈশ্বিক জাহাজ চলাচলে কার্বন কর আরোপের পরিকল্পনা ঠেকানোর কথাও ভাষণে উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তার সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার বিষয়ে কোনো আপস করবে না।
-স্বাধীন/এমএ
আইসিসিকে ‘নিয়ন্ত্রণহীন ও দুর্বৃত্ত সংস্থা’ বললেন ট্রাম্প

