লক্ষ্মীপুরে সেতু ধসে চরম দুর্ভোগে ৫ হাজার মানুষ

প্রকাশঃ Sep 29, 2026 - 11:26
লক্ষ্মীপুরে সেতু ধসে চরম দুর্ভোগে ৫ হাজার মানুষ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের পশ্চিম চরঘাসিয়া গ্রামের চান্দারখালে প্রায় সাত বছর আগে নির্মিত সেতুটি ধসে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় পাঁচ হাজার গ্রামবাসী। ঝুঁকিপূর্ণ অস্থায়ী পাটাতন ও ভাঙা বাঁশের চাটাই-ভেলার সাহায্যে খাল পারাপার করতে হচ্ছে তাদের।

স্থানীয়দের আশঙ্কা, অস্থায়ী পাটাতনটিও যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ফলে বাধ্য হয়ে জীবন ঝুঁকি নিয়ে খাল পার হচ্ছেন নারী, শিশু, বৃদ্ধ, কৃষক ও শিক্ষার্থীরা।

ঝুঁকি নিয়ে পারাপার

সরেজমিনে জানা যায়, মেঘনা নদীসংলগ্ন চরইন্দুরিয়া গ্রামের খালের ওপর প্রায় সাত বছর আগে নিজেদের অর্থায়নে সেতুটি নির্মাণ করেন স্থানীয়রা। বর্তমানে সেতুটি ধসে যাওয়ায় চরঘাসিয়া, চরইন্দুরিয়া, নতুন কানিবগার চরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে।

এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ ও শিক্ষার্থী প্রতিনিয়ত এই ঝুঁকিপূর্ণ রাস্তা ও পারাপারের পথ ব্যবহার করছেন। সেতু ও সড়কের বেহাল অবস্থার কারণে পশ্চিম চরঘাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিও আশঙ্কাজনকভাবে কমে গেছে।

স্থানীয়দের দাবি, খাল পারাপারের সময় এরই মধ্যে একাধিক কৃষক, শিক্ষক, বৃদ্ধ, নারী ও শিশু দুর্ঘটনার শিকার হয়েছেন।

কৃষি ও স্বাস্থ্যসেবায় সংকট

যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরাঞ্চলের কৃষকরাও বিপাকে পড়েছেন। উৎপাদিত সয়াবিন, ধান ও শাকসবজি বাজারে নেওয়া কঠিন হয়ে পড়েছে। এতে পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন কৃষকরা।

অন্যদিকে, জরুরি চিকিৎসার প্রয়োজন হলে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। মুমূর্ষু রোগী কিংবা অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার মতো কোনো যানবাহন চলাচলের সুযোগ নেই। ফলে কাঁধে করে কিংবা খাটিয়ায় করে রোগী বহন করাই হয়ে উঠেছে চরবাসীর একমাত্র ভরসা।

দ্রুত সেতু নির্মাণের দাবি

উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য আজগর সর্দার বলেন, চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের দাবি—রাস্তাটি পাকা করা না হলেও অন্তত সলিং করা এবং চান্দারখালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মানুষ মুক্তি পাবে।

এ বিষয়ে রায়পুর উপজেলা এলজিইডির নবাগত প্রকৌশলী মো. কামরুল ইসলাম সিদ্দিক বলেন, বিষয়টি তাদের জানা আছে। চরাঞ্চলবাসীর ভোগান্তি নিরসনে বেড়িবাঁধ ও নদীর পাড় এলাকায় রাস্তা, সেতু ও ব্রিজ নির্মাণে দ্রুত প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী সেতু নির্মাণ ও সড়ক সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

-স্বাধীন/এস

লক্ষ্মীপুরে সেতু ধসে চরম দুর্ভোগে ৫ হাজার মানুষ
লোগো
Sep 29, 2026

লক্ষ্মীপুরে সেতু ধসে চরম দুর্ভোগে ৫ হাজার মানুষ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta