বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্ক
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করবে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ মোট ২০টি দেশ ও অঞ্চলকে এই শুল্ক ছাড়ের আওতায় রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে দেশ ও অঞ্চলগুলোর তালিকা ফেডারেল রেজিস্টারে প্রকাশ করেছে। এর আগে নির্দিষ্ট কিছু পেটেন্টযুক্ত ওষুধ, বায়োলজিক্যাল পণ্য ও সংশ্লিষ্ট উপাদানের আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল ওয়াশিংটন।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত শ্রেণির পণ্যের ক্ষেত্রে বাংলাদেশসহ তালিকাভুক্ত দেশগুলো শূন্য শতাংশ শুল্কের সুবিধা পাবে।
যেসব পণ্যে শূন্য শুল্ক
শূন্য শুল্কের আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে—
বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত নির্দিষ্ট ওষুধ
বন্ধ্যত্বের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ
কোষভিত্তিক চিকিৎসা পণ্য
জিন থেরাপির পণ্য
অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটস (ADC)
পশু চিকিৎসায় ব্যবহৃত নির্দিষ্ট ওষুধ
এসব ওষুধ ও চিকিৎসা পণ্য তৈরিতে ব্যবহৃত সংশ্লিষ্ট উপাদানও নির্ধারিত শর্তে শুল্ক ছাড়ের আওতায় থাকবে।
২০ দেশ ও অঞ্চল
বাংলাদেশের পাশাপাশি শূন্য শুল্কের তালিকায় রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের নোটিশ অনুযায়ী, এসব দেশ ও অঞ্চল থেকে আমদানি করা যোগ্য পণ্য শূন্য শতাংশ শুল্কের সুবিধা পাবে। এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বা আসন্ন বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোসংক্রান্ত চুক্তির বিষয়টিও সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত।
কেন এই শুল্কনীতি?
গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেটেন্টযুক্ত ওষুধ, বায়োলজিক্যাল পণ্য ও সংশ্লিষ্ট উপাদানের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। এর অন্যতম উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ওষুধ উৎপাদন বাড়ানো।
তবে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনেরিক ওষুধ ও সংশ্লিষ্ট উপাদান এই নির্দিষ্ট শুল্কব্যবস্থার আওতায় পড়বে না।
বাংলাদেশের জন্য কী সুবিধা?
নতুন সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর অতিরিক্ত অ্যাড ভ্যালোরেম শুল্কের চাপ থাকছে না।
তবে এই সুবিধা সব ধরনের ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য নয়। শূন্য শুল্ক সুবিধা পেতে পণ্যকে নির্ধারিত শ্রেণির মধ্যে পড়তে হবে এবং সংশ্লিষ্ট শর্ত পূরণ করতে হবে।
-স্বাধীন/এস
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্ক

