দেশে এলপিজির সংকট নেই, মজুত করে জনঅসন্তোষের চেষ্টা হলে ব্যবস্থা

প্রকাশঃ Sep 29, 2026 - 13:31
দেশে এলপিজির সংকট নেই, মজুত করে জনঅসন্তোষের চেষ্টা হলে ব্যবস্থা

দেশে এলপিজি বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, অসৎ উদ্দেশ্যে কেউ এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পর্যাপ্ত এলপিজি আমদানি ও মজুত

তথ্য উপদেষ্টা জানান, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি ভালো রয়েছে বলেও জানান তিনি।

জাহেদ উর রহমান বলেন, দেশের বাজারে এলপিজির কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে আশ্বস্ত করেছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা।

সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ পরিস্থিতি ও বাজারদর পর্যালোচনায় আয়োজিত এক মতবিনিময় সভায় আমদানিকারক ও অপারেটররা এ নিশ্চয়তা দেন।

মজুত করে দাম বাড়ানোর চেষ্টা হলে ব্যবস্থা

পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও দেশের কোথাও কোথাও এলপিজির দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, অসৎ উদ্দেশ্যে কেউ যেন এলপিজি মজুত করে কৃত্রিম সংকট বা জনঅসন্তোষ সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে মন্ত্রী সবাইকে সতর্ক থাকতে বলেছেন।

তিনি বলেন, বিশ্বজুড়ে বিভিন্ন পণ্যের বাজারে এক ধরনের জল্পনামূলক প্রবণতা তৈরি হচ্ছে। এর প্রভাবেও দাম বাড়ার প্রবণতা দেখা দিতে পারে। সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সহিংসতা কমেছে: তথ্য উপদেষ্টা

সরকারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘বিগত সময়ের চেয়ে নৈরাজ্যকর অবস্থা থেকে বেরিয়ে এসেছে সরকার। বর্তমানে আগের তুলনায় সহিংসতা অনেকটাই কমে এসেছে।’

সাইবার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাইবার সুরক্ষা আইন তৈরি হলে অপতথ্য অনেকটাই কমে আসবে।

-স্বাধীন/এস

দেশে এলপিজির সংকট নেই, মজুত করে জনঅসন্তোষের চেষ্টা হলে ব্যবস্থা
লোগো
Sep 29, 2026

দেশে এলপিজির সংকট নেই, মজুত করে জনঅসন্তোষের চেষ্টা হলে ব্যবস্থা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta