চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ ও পৌরসভাসহ স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতাকর্মীদের আবাসিক ভবন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন করতে প্রায় পাঁচ থেকে সাড়ে ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে। বিগত সংসদে পাস হওয়া বাজেটেই এ অর্থের সংস্থান রাখা হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশনের প্রস্তুতি শেষ হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ বিভাগ বৈঠক করে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
লোডশেডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সোলার প্যানেলের ব্যবহার বাড়ানো হলে বিদ্যুতের বর্তমান সংকট অনেকটাই কমানো সম্ভব। ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ালে এক বছরের মধ্যেই এর খরচ উঠে আসতে পারে।
এর আগে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফলদ গাছের চারা রোপণ করেন। পরে বিদ্যালয়ের খেলার মাঠ, শিশু উদ্যান ও ময়লার ভাগাড় পরিদর্শন করেন তিনি।
এ সময় স্থানীয় এমপি মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজান রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
-স্বাধীন দিগন্ত/ এমএ
চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: প্রতিমন্ত্রী

