ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন আসছে
ভ্যাট রিটার্ন জমা দেওয়ার নিয়মে পরিবর্তন আনছে সরকার। নতুন নিয়মে প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকছে না। প্রতিটি কর মেয়াদ শেষে আলাদাভাবে রিটার্ন জমা দিতে হবে।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, কর মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্ন জমা দিতে হবে। এর মাধ্যমে আগে চালু থাকা নিয়মটি আবারও কার্যকর হতে যাচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করে।
মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাঠপর্যায়ে রাজস্ব আদায় আরও গতিশীল করাই এই সংশোধনের মূল উদ্দেশ্য। এ জন্য ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারায় সংশোধন আনা হবে।
প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। তবে নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটির দিন হলে পরবর্তী কার্যদিবসে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে।
তবে কিছু প্রতিষ্ঠান রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সময় পাবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ছাড়াও ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান এই সুবিধার আওতায় থাকবে। একই সঙ্গে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান শূন্য রিটার্ন (জিরো রিটার্ন) দাখিল করেন, তারাও অতিরিক্ত সময় পাবেন।
এসব প্রতিষ্ঠান ও করদাতারা কর মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ২০ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন।
মন্ত্রিসভা খসড়াটির চূড়ান্ত অনুমোদন দিলেও এটি কার্যকর হওয়ার আগে আরও একটি ধাপ বাকি রয়েছে। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ খসড়াটি ভেটিং করবে। ওই ভেটিং সাপেক্ষেই মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
-স্বাধীন/এমএ
ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন আসছে

