খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা: ডা. জাহেদ
ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে শিগগিরই নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এতে এসব রিকশা কোন এলাকায় ও কতটুকু চলাচল করতে পারবে, যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা এবং চালকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করা হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার বড় ও প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেড়েছে। এতে মানুষের যাতায়াতে কিছুটা সুবিধা হলেও একই সঙ্গে বিভিন্ন সমস্যাও তৈরি হয়েছে। বিশেষ করে যানজট বাড়ছে এবং রিকশাচালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতি রয়েছে।
তিনি বলেন, এসব যানবাহন কারিগরি দিক থেকে কতটা নিরাপদ ও মানসম্মত, সেটিও বিবেচনার বিষয়। তাই ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ে দ্রুত একটি নীতিমালা করা হবে।
নীতিমালায় কোন এলাকায় এবং কতটুকু এসব যান চলতে পারবে, যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা কেমন হতে হবে এবং চালকদের প্রশিক্ষণের বিষয়গুলো নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার চলাচলে দ্রুত একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন জাহেদ উর রহমান।
-স্বাধীন/ এমএ
খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা: ডা. জাহেদ

