নেছারাবাদে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসি ব্যবসায়ীকে জরিমানা
মো. মহিদুল ইসলাম: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অপরাধে দুই ফার্মেসি ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বাজারে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসি ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন—মো. রুহুল আমীন, তাকে ১০ হাজার টাকা এবং শহিদ ইসলামকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ। অভিযানে সার্বিক সহযোগিতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেছারাবাদ থানা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।
অভিযানকালে ফার্মেসিগুলোতে ওষুধের মেয়াদ, সংরক্ষণ ব্যবস্থা ও সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করা হচ্ছে কি না, তা তদারকি করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ বলেন, জনস্বার্থ ও ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বা বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা সংরক্ষণ না করার পাশাপাশি আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
-স্বাধীন/এমএ
নেছারাবাদে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসি ব্যবসায়ীকে জরিমানা

