ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে যা জানালেন বাণিজ্যমন্ত্রী
আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং দেশের বাজারে এর প্রকৃত প্রভাব বিশ্লেষণ করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার চূড়ান্ত ও যৌক্তিক সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, ভোজ্যতেলের উৎপাদন ও আমদানির ক্ষেত্রে উৎস পর্যায়ে প্রকৃত মূল্য এবং দেশের বাজারে এর প্রভাব বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। সবদিক পর্যালোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে সুরমা নদীর তীর রক্ষা কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার পাশাপাশি দেশের বাজারে ভোজ্যতেলের ওপর এর কী ধরনের প্রভাব পড়ছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে জনগণের জন্য উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে সরকার।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ফলে দেশি-বিদেশি উদ্যোক্তারা নতুন করে বিনিয়োগে উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় সিলেটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান বাণিজ্যমন্ত্রী। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
সুরমা নদীর তীর রক্ষা এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন প্রকৌশলী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক এবং বিএনপির স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
-স্বাধীন/এমএ
ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে যা জানালেন বাণিজ্যমন্ত্রী

