সংকট মোকাবিলায় কাতার থেকে আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার

প্রকাশঃ Sep 23, 2026 - 18:47
সংকট মোকাবিলায় কাতার থেকে আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবং দেশের জ্বালানি চাহিদা বিবেচনায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় কাতার থেকে আরও দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। কার্গো দুটি আগামী ৬ ও ২২ নভেম্বর দেশে পৌঁছানোর কথা রয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এই দুই কার্গো কেনা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতিরিক্ত দুই কার্গো এলএনজির জন্য বিদ্যমান চুক্তির দামের তুলনায় ভিন্ন মূল্য নির্ধারণ করা হবে। এর মধ্যে একটি কার্গো ৬ নভেম্বর এবং অন্যটি ২২ নভেম্বর সরবরাহের পরিকল্পনা রয়েছে।

দেশে গ্যাসের সংকট মোকাবিলায় সাম্প্রতিক সময়ে এলএনজি আমদানির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে গত ১৪ সেপ্টেম্বর আরও ছয় কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডারাব ইনক ও মাইন্ড মিঙ্গল এলএলসির কাছ থেকে সরাসরি চার কার্গো এবং অক্টোবর মাসের জন্য টোটাল এনার্জিস ও ভিটল এশিয়ার কাছ থেকে আরও দুটি কার্গো কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া অক্টোবর থেকে আগামী বছরের জুন পর্যন্ত টোটাল এনার্জিসের কাছ থেকে প্রতি মাসে দুটি করে মোট ১৮ কার্গো এলএনজি সরাসরি কেনার সিদ্ধান্তও রয়েছে সরকারের।

এদিকে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ শুরু হওয়ায় জাতীয় গ্রিডে দৈনিক গ্যাসের প্রবাহ বেড়েছে। তবে সরবরাহ বাড়লেও বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ এখনো স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এর ফলে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ খাতেও ঘাটতি তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

-স্বাধীন/এমএ

সংকট মোকাবিলায় কাতার থেকে আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার
লোগো
Sep 23, 2026

সংকট মোকাবিলায় কাতার থেকে আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta