উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক, মিলবে যেভাবে

প্রকাশঃ Sep 3, 2026 - 15:43
উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক, মিলবে যেভাবে

উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে তাদের অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিটি উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে। এর মধ্যে ১০ লাখ টাকা থাকবে ব্যাংক ঋণ এবং বাকি ১০ লাখ টাকা দেওয়া হবে অনুদান হিসেবে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়িত হবে।

কর্মসূচির আওতায় দেশের তফসিলি ব্যাংকগুলো তাদের বিদ্যমান শাখা নেটওয়ার্কের মাধ্যমে উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করবে। এরপর আবেদনকারীর ব্যবসায়িক ধারণা, সম্ভাবনা এবং প্রকৃত অর্থের প্রয়োজন যাচাই করে অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচিত উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকার একটি অর্থায়ন প্যাকেজ রাখা হয়েছে। গ্রাহক পর্যায়ে এ ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৫ শতাংশ নির্ধারণ করা হবে। ঋণ নিতে কোনো সহায়ক জামানত দিতে হবে না।

তবে নির্ধারিত সময়ে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে অনুদান হিসেবে দেওয়া অর্থ সুদবিহীন ঋণে পরিণত হবে। একই সঙ্গে ঋণ হিসাবটি প্রচলিত নিয়ম অনুযায়ী শ্রেণিকৃত হয়ে খেলাপি হিসেবে বিবেচিত হবে। এর ফলে সংশ্লিষ্ট উদ্যোক্তা ভবিষ্যতে ঋণ পাওয়ার যোগ্যতা হারাতে পারেন।

বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের মধ্যে যাদের বয়স আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর এবং যারা সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা, তারা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। আবেদনকারীর আগে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। তবে তাকে একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা উপস্থাপন করতে হবে।

কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা এবং প্রযুক্তিভিত্তিক উদ্যোগসহ সব ধরনের বৈধ ব্যবসা এ কর্মসূচির আওতায় বিবেচনা করা হবে। আবেদন করতে কোনো ফি লাগবে না। সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দারা যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

কর্মসূচির বিস্তারিত নির্দেশনা সম্বলিত সার্কুলার আগামী ১৬ সেপ্টেম্বর জারি করা হবে। সার্কুলার প্রকাশের পর এক মাস আবেদন গ্রহণ করা হবে।

প্রাথমিকভাবে দেশের আট বিভাগের আট জেলা—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনার ৬৪টি উপজেলায় এ কর্মসূচি চালু হবে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে নির্বাচিত করা হবে।

পরবর্তী সময়ে দেশের অন্যান্য জেলার উপজেলাতেও এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। তখন প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচিত উদ্যোক্তাদের শুধু অর্থায়নই নয়, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা এবং বাজার সংযোগের সুযোগও দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের আশা, এ উদ্যোগের মাধ্যমে সফল ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে উপজেলা পর্যায়ের তরুণরা দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ পাবেন।

-স্বাধীন/এমএ

উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক, মিলবে যেভাবে
লোগো
Sep 3, 2026

উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক, মিলবে যেভাবে

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta