সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করতে গভর্নরের নির্দেশনা
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার সাক্ষাৎ করেন। এ সময় গভর্নর তাদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সাক্ষাতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
গভর্নর বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকবে না বলে জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে আমানতকারীদের মধ্যে এখনো কিছুটা বিভ্রান্তি রয়েছে। তাই সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানতকারীকে স্পষ্টভাবে জানাতে হবে যে তাদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট প্রযোজ্য হবে না।
তিনি জানান, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ঘোষিত নীতিমালা অনুযায়ী ইতোমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম চলছে।
এ ছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী তাদের ‘আল-ওয়াদিয়াহ’ চলতি হিসাব, ‘মুদারাবা’ সঞ্চয়ী হিসাব এবং ‘মুদারাবা’ মেয়াদি আমানতের মূল অর্থ উত্তোলন করতে পারেন—এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংককে দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও গভর্নর ব্যাংকটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেন।
-স্বাধীন/ এমএ
সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করতে গভর্নরের নির্দেশনা

