অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে
অক্টোবর মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করেছে সরকার। তবে নতুন করে কোনো পরিবর্তন না এনে সেপ্টেম্বর মাসে নির্ধারিত দামই অক্টোবরেও বহাল রাখা হয়েছে।
আগামী ১ অক্টোবর থেকে ভোক্তা পর্যায়ে আগের নির্ধারিত দামেই ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন বিক্রি হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অক্টোবর ২০২৬ মাসের জন্য এসব মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সর্বশেষ নির্ধারিত মূল্যই আগামী ১ অক্টোবর থেকে কার্যকর থাকবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছিল।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পরিপ্রেক্ষিতে অক্টোবর ২০২৬ মাসের জন্য ওই মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত দাম আগামী ১ অক্টোবর ২০২৬ থেকেও কার্যকর থাকবে।
এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এবং ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে গত ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছিল।
ওই দিন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন দাম ঘোষণা করা হয়। দাম বাড়ানোর পর ডিজেলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়।
-স্বাধীন/এমএ
অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

