কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তি, যা বলছে সিপিডি
সম্প্রতি একটি মিডিয়া সংলাপে চলতি বছরে ৯৫টি শিল্পকারখানা সম্পূর্ণ বন্ধ ও বিপুল কর্মসংস্থান হারানোর যে পরিসংখ্যান উপস্থাপনা করা হয়েছিল, তা ভুল বলে স্বীকার করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) সিপিডির অতিরিক্ত পরিচালক অভ্র ভট্টাচার্য সই করা বিবৃতিতে সিপিডি জানায়, একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্যটি নেওয়া হয়েছিল, যেখানে মূলত আগের বছরের একটি পুরনো খবরের সময়কাল ভুলভাবে তুলে ধরা হয়।
সিপিডির উপস্থাপিত প্রতিবেদনের ১১ নম্বর স্লাইডে শিল্প ও বাণিজ্য বিষয়ক অধ্যায়ে বলা হয়েছিল, জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ সময়ে গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী—এই তিনটি প্রধান শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় ৬১ হাজার ৮৮১ জন কর্মহীন হয়েছেন।
সিপিডি জানায়, প্রতিবেদনের গবেষণাপদ্ধতিতে সংসদীয় ও মন্ত্রী পর্যায়ের বক্তব্য, জাতীয় বাজেট, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, সংবাদ বিজ্ঞপ্তি এবং ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক প্রতিবেদনসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক উৎস ব্যবহার করা হয়েছিল।
তবে শিল্পকারখানা বন্ধসংক্রান্ত ওই তথ্যটি ২২ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদ থেকে নেওয়া হয়েছিল। প্রতিবেদন তৈরির সময় সিপিডির পক্ষ থেকে তথ্যটির মূল উৎস যাচাই করা হয়নি।
সিপিডি জানায়, পরবর্তী সময়ে দেখা যায়, ঢাকা ট্রিবিউনের ওই প্রতিবেদনে ২০২৫ সালের ৫ মার্চ প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের সময়কাল পরিবর্তন করে জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ উল্লেখ করা হয়েছিল। এ কারণেই বিভ্রান্তিকর তথ্যটি সিপিডির প্রতিবেদনে স্থান পায়। পরে ২৫ আগস্ট বিকেল ৪টা ৩৪ মিনিটে ঢাকা ট্রিবিউন তাদের প্রতিবেদনটি সংশোধন করে বলে জানিয়েছে সিপিডি।
এসটিআর
কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তি, যা বলছে সিপিডি

