জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের কোনো সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

প্রকাশঃ Sep 30, 2026 - 20:52
জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের কোনো সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের নিয়োগে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে। বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন। বাংলাদেশ সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে কোনো চাকরি দেওয়া হয়নি। এমনকি জাতিসংঘে বাংলাদেশ সরকারের স্থায়ী মিশনেও তাঁর কোনো পদায়ন হয়নি।

তিনি বলেন, জাইমা রহমানের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি সরাসরি জাতিসংঘের সদর দপ্তরে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্টের কার্যালয়ে (Office of the President of the UN General Assembly) নিয়োগ পেয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, জাতিসংঘের নিজস্ব নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তাদের নির্বাহী কার্যালয়ের মানবসম্পদ বিভাগ স্বাধীনভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। নিয়োগসংক্রান্ত প্রক্রিয়া এবং আর্থিক সুবিধার পুরো বিষয়টি জাতিসংঘের মাধ্যমেই পরিচালিত হচ্ছে। এতে বাংলাদেশ সরকারের কোনো সংশ্লিষ্টতার সুযোগ নেই।

তিনি আরও বলেন, জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে এ পদের বিস্তারিত তথ্য রয়েছে। চাইলে যে কেউ সেখানে গিয়ে নিয়োগসংক্রান্ত তথ্য ও প্রক্রিয়ার বিষয়গুলো যাচাই করতে পারবেন।

জাতিসংঘের পেশাগত কাঠামোর বিভিন্ন গ্রেড সম্পর্কে মাহদী আমিন বলেন, পি-১ গ্রেড সাধারণত নতুন স্নাতকদের জন্য, পি-২ পদের ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা এবং পি-৩ পদের জন্য অন্তত পাঁচ বছরের মধ্যবর্তী পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন। এর ওপরে রয়েছে পি-৪, পি-৫ এবং ডিরেক্টর পর্যায়ের পদ।

তিনি বলেন, ব্যারিস্টার জাইমা রহমান তাঁর শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত মেধা ও পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে পি-৩ পর্যায়ের এই পদে নিয়োগ পেয়েছেন। তাঁর পেশাগত প্রোফাইলের সঙ্গে পদটির সামঞ্জস্য রয়েছে।

মাহদী আমিন আরও বলেন, অতীতে রাজনৈতিক বা পারিবারিক প্রভাব ব্যবহার করে আন্তর্জাতিক মিশনে পদায়ন কিংবা সরকারি প্রতিনিধিদলে অন্তর্ভুক্তির যে সংস্কৃতি দেখা গেছে, জাইমা রহমান সে প্রক্রিয়ায় জাতিসংঘে যাননি। তিনি বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধিদলের সঙ্গেও যুক্ত হননি।

তিনি বলেন, জাইমা রহমান নিজের পেশাগত সক্ষমতা ও যোগ্যতার ভিত্তিতে জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়েছেন। নিজের মেধা ও যোগ্যতায় আন্তর্জাতিক পরিসরে এমন অবস্থান তৈরি করাকে ইতিবাচকভাবে দেখা উচিত। এ ধরনের অর্জনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে অপপ্রচার চালানো কাম্য নয়।

-স্বাধীন/এমএ

জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের কোনো সম্পৃক্ততা নেই: মাহদী আমিন
লোগো
Sep 30, 2026

জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের কোনো সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta