বিদেশিদের সামনে হেনস্তা হলাম: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
প্রামাণ্যচিত্রে জুলাই শহীদ আবু সাঈদের ছবি না থাকায় জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও বিদেশি অতিথিদের সামনে ওয়াকআউটের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, মানুষের ভুলত্রুটি হতেই পারে, কিন্তু সেটিকে কেন্দ্র করে বিদেশি অতিথিদের সামনে এমন আচরণ ও হট্টগোল অত্যন্ত অনভিপ্রেত ও দুঃখজনক।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ‘জুলাই গণঅভ্যুথান দিবস’ উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রে জুলাই শহীদ আবু সাঈদের ছবি না থাকা নিয়ে উপস্থিত একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে হট্টগোল এবং একপর্যায়ে ওয়াকআউটের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ক্ষমা চাইলেও বিশৃঙ্খলা থামেনি, ফলে বিদেশি অতিথিরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এ ঘটনার প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, সকালে অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান দেখলাম, মানুষের ঐক্য দেখলাম। কিন্তু প্রামাণ্যচিত্রে কিছু ভুল ছিল, আবু সাঈদের ছবিই দেখলাম না। ভুল হতেই পারে, কিন্তু এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রী ক্ষমা চাওয়ার পরও যে ঘটনা ঘটল, তা অনভিপ্রেত। জাতীয় অনুষ্ঠানে এমন ঘটনা মোটেই কাম্য ছিল না।
জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে মেজর (অব.) হাফিজ বলেন, বিদেশি অতিথিরা অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন, এটি তো ভালো দেখাল না। আমরা জাতীয় ঐক্য দেখাতে পারলাম না। সংসদ ভবনের মতো এখানে ওয়াকআউট করা একেবারেই শোভনীয় ছিল না।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তাদের যদি অধিকার আদায়ের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতে হয়, তাহলে সেটি লজ্জাজনক।
তিনি বলেন, এই সরকারের মূল দায়িত্ব হলো জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ধারণ করে তাদের জন্য কাজ করা।
তিনি উপস্থিত বিক্ষোভকারীদের প্রতি ইঙ্গিত করে বলেন, রাষ্ট্রপতির সামনে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়া কোনোভাবেই মানানসই নয়। আমরা তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে এখানে এসেছি, উড়ে এসে জুড় বসিনি। ভুল করলে শুধরে দেবেন, কিন্তু বিশৃঙ্খলা করে কোনো লাভ নেই।
রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, এই সরকার জনগণের নির্বাচিত সরকার। এই সরকার আওয়ামী লীগ হতে পারবে না, হতেও চায় না।
খুন, গুম ও ‘আয়নাঘর’ প্রসঙ্গ তুলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেন, এসব ঘটনার পরও আওয়ামী লীগ ডিসেম্বরে দেশে ফিরতে চায়। তিনি বলেন, আওয়ামী লীগ এলে আবারও তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে, দেখা হবে রাজপথে।
অনুষ্ঠানে জুলাই আন্দোলন সম্পর্কিত শহীদ পরিবারের সদস্য, ছাত্রনেতা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসটিআর
বিদেশিদের সামনে হেনস্তা হলাম: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

