পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা মাউশির

প্রকাশঃ Oct 1, 2026 - 15:01
পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা মাউশির

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠপর্যায়ের জনবলের বেতন সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর অংশ হিসেবে অধীনস্থ সব অফিস ও প্রতিষ্ঠানে কর্মরত জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে মাউশি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মাউশি অধিদপ্তর থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম আরও সহজ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে iBAS++-এর Organogram Sub-module-এ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য সংযুক্ত করার কাজ চলছে। এতে পদ বা পদবির নাম, মূল গ্রেড এবং অনুমোদিত পদসংখ্যার তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও সুসংহত করার লক্ষ্যে iBAS++-এর Pay Fixation Sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য মাউশি অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য Organogram Sub-module-এ অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

এ ছাড়া এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোও Organogram Sub-module-এ অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কনকৃত জিওসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে।

মাউশির নির্দেশনা অনুযায়ী, তথ্যের হার্ড কপি উপপরিচালক, এইচআরএম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা—রুম নম্বর ৫৩০-এ জমা দিতে হবে। পাশাপাশি সফট কপি Nikosh ফন্টে Word Document আকারে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

নির্ধারিত ছকে ক্রমিক নম্বর, পদের নাম (বাংলা ও ইংরেজি), পদের মূল গ্রেড (Substantive Grade), পদসংখ্যা এবং মন্তব্য—এই তথ্যগুলো দিতে হবে।

মাউশি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য পাঠানোর মাধ্যমে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।

-স্বাধীন/এমএ

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা মাউশির
লোগো
Oct 1, 2026

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা মাউশির

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta