দেশটা সবার, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশঃ Aug 3, 2026 - 13:30
দেশটা সবার, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

পরিবেশ সংরক্ষণে দেশের প্রতিটি নাগরিককে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রয়োজন সবার সম্মিলিত অংশগ্রহণ। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সামান্য সচেতন হলেই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা সম্ভব।

সোমবার (৩ আগস্ট) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আজ তিনি দেশের মানুষের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে সংক্ষেপে কথা বলতে চান, যা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত—আর সেটি হলো পরিবেশ।

তিনি বলেন, ৩০ থেকে ৪০ বছর আগের বাংলাদেশের পরিবেশের সঙ্গে বর্তমান সময়ের বড় ধরনের পার্থক্য তৈরি হয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা, উপজেলা এমনকি গ্রামাঞ্চলের বিভিন্ন সড়ক, হাট-বাজার ও জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, টিস্যুসহ নানা ধরনের বর্জ্য ছড়িয়ে থাকতে দেখা যায়, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।

প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, নিজের ঘর বা বাসার চারপাশে যদি এভাবে আবর্জনা পড়ে থাকে, তাহলে নিশ্চয়ই কারও ভালো লাগবে না। তাহলে আমাদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আমরা কেন আরও সচেতন হব না?

তিনি আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রতিদিন হেঁটে, রিকশা কিংবা বাসে চলাচল করেন। রাস্তায় যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে থাকায় একদিকে যেমন দুর্গন্ধের সৃষ্টি হয়, অন্যদিকে পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

দেশের পুকুর, খাল ও অন্যান্য জলাশয়ের দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় গিয়ে অনেক পুকুরের পাড় ও ভেতরে আবর্জনার স্তূপ চোখে পড়েছে। অথচ একসময় এসব স্থান মানুষের অবসর কাটানোর অন্যতম সুন্দর জায়গা ছিল। এখন ময়লার কারণে সেই পরিবেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে।

এ ছাড়া পার্ক, বিনোদনকেন্দ্র ও পর্যটনস্থলে বেড়াতে গিয়ে চিপসের প্যাকেট, লজেন্সের মোড়ক কিংবা বাদামের খোসা যেখানে-সেখানে না ফেলার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।

সবশেষে প্রধানমন্ত্রী বলেন, "দেশটা আমাদের সবার। আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সামান্য দায়িত্বশীল হই, তাহলে সম্মিলিতভাবে বড় পরিবর্তন আনা সম্ভব। এ বিষয়ে দেশবাসীর সহযোগিতাই আমি প্রত্যাশা করি।"

দেশটা সবার, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী
লোগো
Aug 3, 2026

দেশটা সবার, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta