টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব নিশ্চিত করতে বাংলাদেশের জোর

প্রকাশঃ Sep 24, 2026 - 17:13
টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব নিশ্চিত করতে বাংলাদেশের জোর

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণে অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্ক’-এর বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ফিলিপাইন, ইতালি এবং ইউএন উইমেনের যৌথ উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক রেজুলেশন ১৩২৫ গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে এর বাস্তবায়ন ও জবাবদিহি আরও জোরদার করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।

বৈঠকে শামা ওবায়েদ বলেন, ২০০০ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে রেজুলেশন ১৩২৫ গ্রহণে সমর্থন ও বাস্তবায়নে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায়ে নারীর কার্যকর ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেন।

শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি জলবায়ু পরিবর্তন ও মানবিক কার্যক্রমে নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) এজেন্ডাকে আরও কার্যকরভাবে যুক্ত করার ওপর জোর দেন। একই সঙ্গে নারীর বিরুদ্ধে সহিংসতা ও অপরাধের ঘটনায় জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে।

এ ছাড়া নারীদের লক্ষ্য করে ডিজিটাল হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর সহিংসতা মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বে নেওয়া উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়টিও বৈঠকে তুলে ধরেন তিনি।

বৈঠক শেষে আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দিতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আমন্ত্রণ জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

-স্বাধীন/এমএ

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব নিশ্চিত করতে বাংলাদেশের জোর
লোগো
Sep 24, 2026

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব নিশ্চিত করতে বাংলাদেশের জোর

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta