সংঘর্ষের পর ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি, বেরোবিতে উত্তেজনা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার পর একই এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে দুই সংগঠন। এতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সোমবার (৩ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর পাঁচজনসহ অন্তত ২০ জন আহত হন বলে জানা গেছে।
ঘটনার পর মঙ্গলবার (৪ আগস্ট) পৃথক কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল ও ছাত্রশিবির।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখা বিকেল সাড়ে ৫টায় লালবাগ চত্বর থেকে আবু সাঈদ চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে।
অন্যদিকে রংপুর মহানগর ছাত্রদল বিকেল ৪টায় আবু সাঈদ চত্বরের পার্ক মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। সংগঠনটির সদস্য সচিব রবিউল ইসলাম রবি মহানগরের সব ইউনিটের নেতাকর্মীদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
একই এলাকায় দুই সংগঠনের কর্মসূচি ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহীদ আবু সাঈদ চত্বর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, একই স্থানে দুই সংগঠনের কর্মসূচি ঘোষণার কারণে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ১৪৪ ধারা জারির উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই রাশেদ জানান, ১৪৪ ধারা জারির জন্য আবেদন করা হয়েছে এবং বিষয়টি রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সংঘর্ষের পর ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি, বেরোবিতে উত্তেজনা

