গাইবান্ধা পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন। সমবয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেক হক। এর আগে বেলা ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—দশলাল গ্রামের ফরহাদ আলীর মেয়ে মিম আক্তার (৩) এবং তার ফুফাতো বোন আফরিন আক্তার (৩)। আফরিন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে দশলালে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিম ও আফরিন বাড়ির উঠানে পুকুরপাড়ে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখতে পান। পরে তাদের উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেক হক বলেন, পুকুরের পানিতে ডুবে একই সঙ্গে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়।
তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।
-স্বাধীন/এস
গাইবান্ধা পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

